ভূমিহীনদের মঙ্গা মোকাবিলা
- বিয়র্ন লোমবোর্গ
উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে, নিষ্ফলা শরৎ ঋতু বছরের সবচেয়ে কঠিন সময়; বিশেষ করে রংপুরে, যেখানে ১ কোটি ৫৮ লাখ অধিবাসীর প্রায় অর্ধেকের কাছাকাছি দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।
রংপুরের ভূমিহীন দরিদ্ররা প্রাথমিকভাবে পার্শ্ববর্তী এলাকার খামারগুলোতে দিনমজুর হিসেবে কাজ করে। কিন্তু সেপ্টেম্বর মাসে, যখন জমির ফসল পরিপক্ক হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, খামারে তাদের করার মত কোন কাজ থাকে না। মজুরী কমে যায়, এবং একই সময়ে, খাদ্য অপ্রতুল হয়ে পড়ে, কারণ ফসল তোলার সময় আসতে তখনও অনেক মাস বাকি, তাই চালের দামও বেড়ে যায়।
কম মজুরি এবং উচ্চ খাদ্যমূল্য – উভয় দুর্ভাগ্যের একত্রে করাঘাতের ফলস্বরূপ পরিবারগুলো বিভিন্ন বেলার খাবার পরিত্যাগ করতে বাধ্য হয় এবং তাদের খাদ্যাভ্যাসে বৈচিত্র্য এবং পুষ্টিগুণ দুই-ই হ্রাস পায়। গর্ভবতী নারী ও শিশুদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর, কারণ শেষপর্যন্ত এটি ঘাটতিপূর্ণ শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের কারণ হতে পারে।
নিষ্ফলা মৌসুমে গ্রামীণ কৃষকদের সাহায্য করার জন্য সবচেয়ে ভালো উপায় কি? "বাংলাদেশের অগ্রাধিকারসমূহ" যেসব প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে সেগুলোর মধ্যে এটি একটি। কোপেনহেগেন কনসেনসাস সেন্টারের এই প্রকল্প, ব্র্যাকের সহযোগিতায়, অর্থনীতিবিদদের দলগুলোর সাথে কাজ করছে বিস্তৃত পরিসরে বিভিন্ন সমস্যার যেসব সমাধান বাংলাদেশকে সবচেয়ে কম খরচে উন্নয়নে সহায়তা করবে সেইসব বিষয়ে গবেষণা করতে।
সৌভাগ্যবসত, একটি কৌশল আছে যেটি বাংলাদেশের উত্তরাঞ্চলে মঙ্গার মৌসুমে ভূমিহীন দরিদ্রদের সহায়তা করার ক্ষেত্রে প্রতিশ্রুতিশীল বলে মনে হচ্ছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতিবিদ মুশফিক মোবারক, এবং এভিডেন্স অ্যাকশন-এর একজন পোস্ট ডক্টোরাল সতীর্থ আঘা আলী আকরাম, তাদের করা নতুন গবেষণায় প্রস্তাব দিয়েছেন যে মৌসুমভিত্তিক গ্রাম থেকে মানুষকে কেন্দ্রীয় শহরে অভিপ্রয়াণে সাহায্য করলে তা নিষ্ফলা মৌসুমকে অতিক্রমে পরিবারগুলোকে সহায়তা করতে পারে। এই কার্যক্রমগুলোর পেছনে ব্যয় করলে ব্যয়িত প্রতি টাকা ৪ টাকার সামাজিক কল্যাণ বয়ে আনতে পারে।
| কৌশল | ব্যয়িত প্রতি টাকায় সর্বমোট যত টাকার সুবিধা পাওয়া গিয়েছে |
|---|---|
| মৌসুমি অভিপ্রায়ণের জন্য ভাতা | ৪ |
কেন্দ্রীয় শহরগুলো কৃষি-ভিত্তিক সম্প্রদায়ের মতো মৌসুমি মন্দার সম্মুখীন হয়না; তাই শহরগুলো নিষ্ফলা মৌসুমে কম-দক্ষতার কর্মসংস্থানের সুযোগ প্রদান করে। অস্থায়ী শহুরে কাজগুলো প্রায় রিক্সা চালানো থেকে শুরু করে নির্মাণাধীন ভবনে কাজ করা পর্যন্ত বিস্তৃত।
কেউ কেউ এরই মধ্যে শহরে স্থানান্তর করে, কিন্তু এটা বেশ ব্যয়বহুল - স্বয়ং ভ্রমণের ব্যয়বহন করা, এবং কোন কাজ খুঁজে না পাওয়া ও টাকার অপচয়ের ঝুঁকি নেয়া - উভয়ক্ষেত্রেই। আর অস্তিত্ব রক্ষার প্রান্তিক সীমায় বসবাস করা পরিবারগুলোই মৌসুমী কর্মসংস্থান থেকে সবচেয়ে লাভবান হওয়ার যোগ্য।
এই বিশ্লেষণটি ১০০টিরও বেশি বাংলাদেশি গ্রামে ছয় বছরব্যাপী গবেষণার উপর ভিত্তি করে করা হয়েছে, বিভিন্ন সম্প্রদায়কে অপরিকল্পিতভাবে বিভিন্ন কৌশলগত পরিকল্পনায় নিযুক্ত করার মাধ্যমে। প্রথম গ্রামগুলোর সমষ্টিতে, অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১ হাজার টাকার ভাতা দেওয়া হয় বাসের যাওয়া-আসার ভাড়া এবং কয়েক বেলার খাবার বাবদ, যেন তারা শহরে স্থানান্তরিত হতে পারে। অন্যান্য গ্রামগুলোতে, পরিবারগুলোকে মৌসুমি কাজের সুযোগ সম্পর্কে তথ্য দেওয়া হয় কিন্তু কোন টাকা দেওয়া হয়নি। এবং তারপরও অন্য অনেক গ্রামকে নিয়ন্ত্রণের জন্য অপরিকল্পিতভাবে বেছে নেওয়া হয়েছিলো - তারা কিছুই পায়নি, কিন্তু গবেষকরা কর্মসূচির প্রভাব তুলনা করার জন্য একইধরণের তথ্য সংগ্রহ করেছিলেন।
যেসব পরিবারগুলো শুধুমাত্র তথ্য পেয়েছিল, তাদের মধ্য থেকে কেবল কিছুসংখ্যক মানুষ শহরে গিয়েছিল। কিন্তু নিষ্ফলা মৌসুমে একটি সামান্য বাসের টিকেটের জন্য পাওয়া ভাতা থেকে যে সুফল এসেছিল তা উল্লেখযোগ্য ছিল। অর্থনীতিবিদগণ আবিষ্কার করেছেন যে এই প্রকল্পে পরিবার প্রতি ২,৭০০ টাকার মতো ব্যয় - যেটা অস্থায়ী অভিপ্রায়ণ এবং কর্মসূচির অন্যান্য খরচও বহন করে - প্রতি পরিবারের জন্য ১০,৯০০ টাকার বেশি অর্থনৈতিক, স্বাস্থ্য-সম্পর্কিত এবং সামাজিক কল্যাণ বয়ে এনেছিল।
প্রত্যেক পরিবার যারা ভাতা পেয়েছিল এবং একজন ব্যক্তিকে শহরে স্থানান্তরিত করেছিল, সেসব পরিবারের প্রত্যেকের প্রতিদিনের ক্যালরির গ্রহণ ৬০০ ক্যালরিতে উন্নীত হয়েছিল - যেটা দিনে দুই বা তিনবার খাবার গ্রহণের মধ্যে পার্থক্যের ফল। এই পরিবারগুলো মুরগী ও ডালের মতো প্রোটিনের উৎসেও অধিক অর্থ ব্যয় করেছিল। তাই তারা শুধুমাত্র বেশি পরিমাণেই খায়নি, তারা তুলনামূলকভাবে ভালো এবং আরও স্বাস্থকর খাদ্যও গ্রহণ করেছিল। এবং কিছু পরিবারের জন্য, কর্মসূচির প্রকৃতির উপর নির্ভর করে মৌসুমি অভিপ্রায়ণের ফলে তাদের আয় প্রায় ৮৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।
এছাড়া দীর্ঘমেয়াদি সুবিধাও ছিল। শ্রমিকদের শহুরে নিয়োগকারীদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠার সুযোগও ছিল, যা ভবিষ্যত বছরগুলোতে অভিপ্রায়ণের পথ সুগম করাতে সহায়তা করেছিল। আর ভাতা কর্মসূচি, যেসব পরিবার থেকে শহরে পাঠানো হয়েছিল, শুধুমাত্র তাদেরকেই সাহায্য করেনি, এটা পরিবারের কোন সদস্য আদৌ স্থানান্তরিত হবে কিনা তার সম্ভাবনা ২২-৪২ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল, কর্মসূচিটি কিভাবে সাজানো হয়েছিল তার উপর ভিত্তি করে।
এই কর্মসূচিটি যদি বড় আকারে করা হয়, তাহলে কি প্রভাব পড়বে এই বিষয়ে বিশেষজ্ঞগণ গবেষণা চালাচ্ছেন। ২ লাখ ৫০ হাজার পরিবারকে যদি মৌসুমি অভিপ্রায়ণের জন্য ভাতা প্রদান করা হয়, যেমন, এখন পর্যন্ত এই কর্মসূচিতে কেবল যেসকল কয়েক হাজার পরিবারকে ভাতা দেওয়া হয়েছে তার পরিবর্তে, তাহলে তার প্রভাব ভিন্ন হতে পারে। কিন্তু এর প্রাথমিক প্রদর্শন সম্ভাবনাময়।
একটা বাস টিকিট এবং কয়েক বেলার খাবারের জন্য ভাতা ব্যয়িত প্রতি টাকায় ৪ টাকার সুফল বয়ে আনতে পারে। অন্যান্য গবেষকরা দেখিয়েছেন যে অতি-দরিদ্রদের সহায়তায় উত্তরণ কর্মসূচি ব্যয়িত প্রতি টাকায় ২ টাকার কল্যাণ করতে পারে, এবং আরো পরিচ্ছন্নভাবে ইট তৈরির ভাটার সাহায্যে ঢাকায় বায়ু দূষণ মোকাবেলা করে ব্যয়িত প্রতি টাকায় ১৪ টাকার সামাজিক কল্যাণ সাধন সম্ভব। যদি আপনি ভবিষ্যতে্র ব্যয়ের সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলে বাংলাদেশের জন্য কোনটিকে নির্বাচিত করতেন? আপনি আপনার বক্তব্য copenhagen.fbapp.io/seasonalhunger -এ বলতে পারেন এবং বাংলাদেশের জন্য অন্যান্য অনেক রোমাঞ্চকর বিকল্প সম্পর্কে এখানে আরো জানতে পারবেন।
ড. বিয়র্ন লোমবোর্গ হলেন কোপেনহেগেন কনসেনসাস সেন্টার -এর প্রেসিডেন্ট, যিনি ব্যয়-সুবিধার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বড় সমস্যাগুলোর সেরা সমাধানের শ্রেনীবিন্যাস করেছেন। তিনি টাইম ম্যাগাজিনের মূল্যায়নে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির একজন।
মোসাঃ তাসনুভা বাশার তন্বী কর্তৃক অনূদিত